হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের প্রভাব ধীরে ধীরে শুধু রিপাবলিকানদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; তাঁদের মিত্রদের ওপরও এর প্রভাব পড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ও তাঁর পরিবারের দুর্নীতিসংক্রান্ত বিভিন্ন অভিযোগের তদন্ত নিয়ে কয়েকটি আরব দেশ উদ্বিগ্ন।
ট্রাম্প ও তাঁর পরিবারের দুর্নীতির তদন্ত নিয়ে উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর পরিবারের সঙ্গে নিজেদের আর্থিক লেনদেন নিয়ে সম্ভাব্য তদন্তের ঢেউ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে এই তিন দেশের সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার মার্কিন কর্মকর্তা ও উপসাগরীয় কূটনীতিকদের উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই তিন দেশকে সতর্ক করেছেন যে, ট্রাম্প পরিবার ও তাঁর প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগ, আবাসন ও সম্পত্তি ব্যবসা এবং উপহারের বিষয়ে তাঁরা ব্যাপক তদন্ত শুরু করতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটরা উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত তদন্তে সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক ঝুঁকির মুখে পড়তে পারে।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, রাজনৈতিক ও আইনি পরিণতির আশঙ্কায় এসব আরব দেশ ব্যক্তিগত চিঠিপত্র কিংবা সংবেদনশীল তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানাতে পারে। এর ফলে কংগ্রেসের নতুন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের দূতাবাসগুলো সম্ভাব্য তদন্ত সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর সরকার ইতিপূর্বে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের লেনদেনের পক্ষে অবস্থান নিয়েছে। তারা দাবি করেছে, এসব লেনদেন আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আর্থিক ঘুষের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছে।
আমিরাত ও সৌদি আরবের বিনিয়োগ তদন্তের আওতায়
ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো আমিরাতের ৫০ কোটি ডলারের বিনিয়োগ। এই অর্থ বিনিয়োগ করা হয়েছে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামের একটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানে। ট্রাম্পের তিন ছেলে এবং যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত স্টিভ উইটকফের ছেলে জ্যাক উইটকফ যৌথভাবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং দেশটির প্রেসিডেন্টের ভাই শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান এই শেয়ার কিনেছিল। এর কয়েক মাস পর আমিরাত উন্নত প্রযুক্তির মার্কিন ইলেকট্রনিক চিপ ব্যবহারের সুযোগ পায়। বিনিয়োগ এবং মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের মধ্যে সম্ভাব্য সম্পর্ক নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই চুক্তিকে প্রকাশ্য দুর্নীতি হিসেবে অভিহিত করেছেন। কংগ্রেসের তদন্তকারীরা আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যোগাযোগের প্রকৃতি এবং এসব বিনিয়োগের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত কোনো পরিবর্তনের সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখবেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ২০২১ সালে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার প্রতিষ্ঠিত ‘অ্যাফিনিটি পার্টনার্স’ কোম্পানিতে ২০০ কোটি ডলার বিনিয়োগের বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে। পাশাপাশি সৌদি আরবে ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট আবাসন প্রকল্পগুলোর উল্লেখযোগ্য সম্প্রসারণও তদন্তকারীদের নজরে থাকবে।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে জেদ্দায় একটি ‘ট্রাম্প টাওয়ার’ নির্মাণের পরিকল্পনা এবং একই শহরে ১০০ কোটি ডলারের ‘ট্রাম্প প্লাজা’ প্রকল্প। এ ছাড়া রিয়াদে দুটি বিলাসবহুল আবাসিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌদি আরবের স্বাক্ষরিত মার্কিন প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত চুক্তিটিও গভীরভাবে পর্যালোচনা করা হবে। বিশেষ করে এ চুক্তির মাধ্যমে সৌদি আরবের জন্য পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণের সম্ভাব্য পথ তৈরি হয়েছে বলে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
তবে পরে কংগ্রেসের চাপের মুখে ট্রাম্প এই চুক্তির কিছু দিক থেকে সরে আসেন এবং চুক্তিটিকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করেন।
ট্রাম্পকে কাতারের বিলাসবহুল উপহার ও অস্ত্র চুক্তি
ওয়াশিংটন পোস্ট ট্রাম্প ও তাঁর পরিবারের সঙ্গে কাতারের লেনদেন নিয়েও প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটির তথ্যমতে, সম্ভাব্য তদন্তের আওতায় আসবে প্রায় ৪০ কোটি ডলার মূল্যের বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমান। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রথমে বিমানটি কেনার সম্ভাবনা নিয়ে যোগাযোগ করা হলেও পরে দোহা সেটি বিনা মূল্যে উপহার দিতে সম্মত হয়।
ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই চুক্তিকে একধরনের ঘুষ হিসেবে বিবেচনা করেছেন। তাঁরা কাতারের কাছে ১৯০ কোটি ডলারের অস্ত্র বিক্রি বন্ধ করার লক্ষ্যে একটি বিলও উত্থাপন করেছেন। এই পদক্ষেপ থেকে বোঝা যায়, আর্থিক লেনদেন নিয়ে বিরোধ সামরিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও ছড়িয়ে পড়তে পারে।
মার্কিন পত্রিকাটি ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফির বরাত দিয়ে জানিয়েছে, গত অক্টোবরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠকে তিনি দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প পরিবারের সঙ্গে আর্থিক সম্পর্কের বিস্তার ওয়াশিংটনের সঙ্গে এই দুই দেশের সম্পর্ককে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে।
ব্যক্তিগত চিঠিপত্র প্রকাশের আশঙ্কা
অন্যদিকে, ওয়াশিংটন পোস্ট ‘সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিক্স ইন ওয়াশিংটন’ (CREW)-এর প্রধান ডোনাল্ড শেরম্যানের বরাত দিয়ে জানিয়েছে, তদন্তকারীরা উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প পরিবারের সদস্য এবং তাঁর প্রশাসনের কর্মকর্তাদের মধ্যকার চিঠিপত্র ও যোগাযোগের তথ্য সংগ্রহের চেষ্টা করবেন। এর উদ্দেশ্য হলো, উপহার ও বিনিয়োগের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত কিংবা নীতিগত পরিবর্তনের সম্পর্ক ছিল কি না, তা নির্ধারণ করা।
মার্কিন সংবাদমাধ্যমটি ওই অঞ্চলে কর্মরত একজন কূটনীতিকের বরাত দিয়ে জানিয়েছে, আইনপ্রণেতারা যেসব তথ্য জানতে চাইছেন, তা উপসাগরীয় দেশগুলোর সরকারের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর হতে পারে। এসব তথ্য প্রকাশিত হলে দেশগুলো কংগ্রেসের শাস্তিমূলক পদক্ষেপের মুখেও পড়তে পারে।
ডেমোক্র্যাটদের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নতুন চ্যালেঞ্জ
সৌদি আরববিষয়ক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা অ্যালিসন মাইনর বলেছেন, উপসাগরীয় দেশগুলোকে ডেমোক্র্যাটদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হবে। তাঁর মতে, বিরোধ শুধু দুর্নীতির অভিযোগে সীমাবদ্ধ থাকবে না; বরং সুদানের যুদ্ধ, আধাসামরিক বাহিনীগুলোকে আমিরাতের সমর্থন দেওয়ার অভিযোগ, ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযান এবং বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে উত্থাপিত উদ্বেগও এর সঙ্গে যুক্ত হবে।
মাইনর ধারণা করছেন, কংগ্রেসে নতুন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ এসব বিষয় আবার সামনে আনবে এবং উপসাগরীয় দেশগুলোর সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াবে। বিশেষ করে ট্রাম্প পরিবারের সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিয়ে সম্ভাব্য তদন্তের কারণে ওয়াশিংটনের সঙ্গে এসব দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।
এমন এক সময়ে এসব ঘটনা ঘটছে, যখন পুরো অঞ্চল-বিশেষ করে আরব দেশগুলো-ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর আগ্রাসনের ফলে সৃষ্ট আঞ্চলিক যুদ্ধের পরিণতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
অন্যদিকে, ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে নিজেদের সেনা কমিয়ে আনা কিংবা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে।
আপনার কমেন্ট